কালাংড়া

আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব     নবপ্রভাতের নবীনশিশির-ঢালা।
        শরমে জড়িত কত-না গোলাপ
             কত-না গরবী করবী
        কত-না কুসুম ফুটেছে তোমার
              মালঞ্চ করি আলা!
আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা।

         অমল শরতশীতল সমীর
              বহিছে তোমার কেশে,     
         কিশোর অরুণ-কিরণ তোমার
              অধরে পড়েছে এসে।
         অঞ্চল হতে বনপথে ফুল
              যেতেছে পড়িয়া ঝরিয়া,
         অনেক কুন্দ অনেক শেফালি
              ভরেছে তোমার ডালা।
আমি    চাহিতে এসেছি শুধু একখানি মালা।